ঢাকা

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত, গুলিবিদ্ধ ৩

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত মুস্তাকিম সায়দাবাদ এলাকার প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সায়দাবাদ এলাকায় হানিফ মাস্টার এবং এরশাদ মিয়ার সমর্থকদের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার ভোরে এরশাদ মিয়ার অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। ওই সময় বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা মুস্তাকিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

 

এই ঘটনায় রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগমসহ (৩৫) অন্তত ১০ জন আহত হয়েছেন। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, মুস্তাকিমের শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

 

নিহতের মা শাহানা বেগম অভিযোগ করে বলেন, "সকালে আমার ছেলে আঙিনায় দাঁড়িয়ে ছিল। ওই সময় মাসুম ওরফে চায়না তাকে গুলি করে। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, আমি আমার সন্তান হত্যার বিচার চাই।"

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”



সম্পর্কিত খবর