নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশের দিনব্যাপী যৌথ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী জালাল ও ইকবালকে আটক করে যৌথ বাহিনী। গতকাল বুধবার (৭ জানুয়ারি) উপজেলার শ্রীনগর, পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। সেনাবাহিনী এবং জেলা পুলিশের একাধিক টিম চিহ্নিত সন্ত্রাসীদের আস্তানাগুলোতে সাঁড়াশি তল্লাশি চালায়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের এক পর্যায়ে শ্রীনগর ইউনিয়ন থেকে চিহ্নিত সন্ত্রাসী জালালকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। একই সময়ে পাড়াতলী ইউনিয়ন থেকে আটক করা হয় ইকবাল নামের আরেক সন্ত্রাসীকে। এছাড়া বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন আস্তানায় তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র, গোলাবারুদ, মোবাইল ফোন ও আধুনিক যোগাযোগ ডিভাইস জব্দ করা হয়।
রায়পুরা উপজেলা প্রশাসন জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন ধরে এই চরাঞ্চলগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এই অভিযানের ফলে চরাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।