রাজনীতি

রিকশায় চড়ে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল, চাইলেন শেষ সুযোগ

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার সাধারণ রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কোনো প্রকার শোডাউন ছাড়াই সাধারণ রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

 

মনোনয়ন দাখিলের পূর্বে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বিগত ১৫ বছরের ‘বিভাজনের রাজনীতি’ থেকে উত্তরণের আহ্বান জানান। তিনি বলেন, “২৪-এর গণ-অভ্যুত্থানে আমরা অনেক তাজা প্রাণ হারিয়েছি একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি উদারপন্থী গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমমর্যাদায় বাস করবে।”

 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সামনে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন বিএনপি মহাসচিব। এটিকে নিজের ‘শেষ নির্বাচন’ ইঙ্গিত করে তিনি বলেন, “দীর্ঘদিন পর আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠাকুরগাঁও ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য আমাকে শেষ সুযোগ দিন।”

 

এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় শীর্ষ পাঁচজন নেতা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। বিএনপির এই হেভিওয়েট প্রার্থীর রিকশায় চড়ে সাধারণ মানুষের মতো মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।



সম্পর্কিত খবর