লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান এবং স্থল অভিযানে একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৯ জন, আহত হয়েছেন আরও ১১২ জন। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, চলমান সংঘাতে গত এক বছরে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪২ জনে এবং আহত হয়েছেন ১৫ হাজার ৩৫৬ জন।
ইসরায়েলের উত্তরের সীমান্তঘেঁষা লেবাননের দক্ষিণাঞ্চল, যা হিজবুল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইরানের সমর্থনে ১৯৮৫ সালে গঠিত এই ইসলামি রাজনৈতিক এবং সশস্ত্র গোষ্ঠীটি শুরু থেকেই ইসরায়েলের অস্তিত্ব মুছে ফেলার প্রতিশ্রুতি নিয়ে সক্রিয়।
হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘাত দীর্ঘদিনের হলেও তা আরও তীব্র হয়ে ওঠে ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। পাল্টা জবাব দিতে ইসরায়েলও সীমান্ত এলাকায় সামরিক অভিযান চালায়।
সেপ্টেম্বরের ২০ তারিখে ইসরায়েল লেবাননে নতুন করে বিমান অভিযান শুরু করে। মাত্র ১০ দিনের মধ্যেই হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার নিহত হন। এতে হিজবুল্লাহর সামরিক কাঠামো বড় ধাক্কা খায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান অভিযানের ফলে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
লেবাননে ইসরায়েলি অভিযান এবং হিজবুল্লাহর পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। মানবিক সংকট, শরণার্থীদের দুরবস্থা, এবং সংঘাতের বিস্তার নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বায়ান্ন/এএস