নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সম্প্রতি বিএনপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার মামলার সন্দেহভাজন আসামি বলে জানিয়েছে পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খাঁনপুকুর বাজারে অবস্থিত উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার মিরাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিরাট গ্রামের মকবুল হোসেনের ছেলে জেল হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সদস্য খাসগড় গ্রামের আসাদ আলীর ছেলে আকাশ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।