নানা কর্মসূচির মাধ্যমে পঞ্চগড়ে পালিত হয়েছে মুক্ত দিবস। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ চত্বর স্মৃতিফলক ও জেলা পরিষদ চত্বরে অবস্থিত একাত্তরের বধ্যভূমিতে পুষ্প অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে।
পরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে পুলিশ সুপার আবু সাইম, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে ২৯ নভেম্বর ভোরে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে পঞ্চগড়কে মুক্ত করেন। এর আগে ২৮ নভেম্বর রাতে চারদিক থেকে মুক্তি, মিত্র, ট্যাংক ও পদাতিক বাহিনীর সাঁড়াশি আক্রমণে টিকতে না পেরে পাকিস্তানি বাহিনী পঞ্চগড় ছাড়লে লাল-সবুজের পতাকা ওড়ান মুক্তিযোদ্ধারা।
১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি বাহিনী সারাদেশে আক্রমণ শুরু করলেও ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় মুক্ত ছিল। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সড়কপথে পাকিস্তানি বাহিনী পঞ্চগড় দখল করে নেয়। পরবর্তীকালে দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় তারা দখলে নিলেও অমরখানায় সেতুটি মুক্তিযোদ্ধারা বোমা দিয়ে উড়িয়ে দেওয়ায় পাকিস্তানি বাহিনী তেঁতুলিয়ায় ঢুকতে পারেনি। মুক্তিযুদ্ধের পুরো সময়কাল তেঁতুলিয়া মুক্ত ছিল এবং অস্থায়ী সরকারের অনেক গুরুত্বপূর্ণ সভা সেখানে অনুষ্ঠিত হয়।
২৮ নভেম্বর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ওপর ঝোড়ো আক্রমণ চালালে পঞ্চগড় শহরের পূর্বদিকে ডিফেন্সে থাকা পাকিস্তানি সেনারা টুনিরহাট ও দেবীগঞ্জ হয়ে ডোমারের কাঁচা রাস্তা ধরে সৈয়দপুরের দিকে পিছু হটে। ওই রাতে যৌথ বাহিনীর আক্রমণে পরাজিত হয়ে বাহিনীটি সরে গেলে ২৯ নভেম্বর ভোরে পঞ্চগড় হানাদারমুক্ত হয়। এ সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে ভয়াবহ যুদ্ধে ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ প্রায় শতাধিক মিত্র বাহিনীর সদস্য শহীদ হন এবং অনেকে আহত হন।