চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়ি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক বলেই পার্বত্য জেলায় বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠী এবং সমতলে বসবাসকারী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ করা হয়েছে। দেশের ইতিহাসে এটি প্রথম এমন উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।

শনিবার (২৮ নভেম্বর) খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রসঙ্গ টেনে মন্ত্রী সাচিং প্রু জেরি বলেন, "অতীতের সরকারগুলো যেভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন নিয়ে কাজ করেছে, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় কাজ করবে।" এ সময় তিনি পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে সব জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

সভায় খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি, পর্যটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলার সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও অন্যরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর