নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির শেখ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন। গত সোমবার (১৯ অক্টোবর) রাতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলামসহ হান্দলা, বাড়িভাঙ্গা, ব্রাহ্মণডাঙ্গা ও চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বিভিন্ন পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা খায়রুল ইসলাম ও শ্রমিক দল নেতা হুমায়ুন কবির শেখ বলেন, “শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা পূজামণ্ডপগুলো পরিদর্শন করছি। কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখছেন। এছাড়া সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।”