খুলনা

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ ভারতীয় মাদক উদ্ধার

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ ৪০ বোতল ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কায়বা গ্রামের দাদখালী এলাকায় ইছামতী নদীর পাড়ে এই অভিযান পরিচালিত হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত সংলগ্ন পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে ইছামতী নদী পার হয়ে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি তাকে থামার নির্দেশ দেয়। ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, জব্দকৃত অবৈধ অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২২ হাজার টাকা। তিনি বলেন, “উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”



সম্পর্কিত খবর