দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে দলের হাই কমান্ড থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে আসনটিতে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। তৃপ্তি ইতোমধ্যে শার্শার বিভিন্ন ইউনিয়নে প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক চালিয়ে আসছিলেন। তবে শেষ মুহূর্তে সাংগঠনিক সক্রিয়তা ও তৃণমূলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব মনোনয়ন পরিবর্তন করে নুরুজ্জামান লিটনকে বেছে নেয়।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান দিতে আমি বদ্ধপরিকর। শার্শার সাধারণ মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি মাঠ পর্যায়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
মনোনয়ন পরিবর্তনের এই সিদ্ধান্তে শার্শা উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নুরুজ্জামান লিটনের অনুসারীরা মিছিল ও আনন্দ প্রকাশ করলেও মফিকুল হাসান তৃপ্তির সমর্থকদের মধ্যে কিছুটা নীরবতা লক্ষ্য করা গেছে। তবে দলীয় নেতৃত্ব আশা করছে, ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা শীঘ্রই ঐক্যবদ্ধ হবে।