ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা এই মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটের প্রার্থীসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টায় প্রথম মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান। এরপর দুপুর দেড়টায় বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন তাঁর মনোনয়নপত্র জমা দেন। বিকালে একে একে মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি এবং শার্শা উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল হাসান জহির।
এছাড়া যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির (জিএম কাদের) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল এবং ইসলামী ঐক্যজোটের বখতিয়ার রহমান।
যশোর-১ (শার্শা) আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনের ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন এবং নারী ১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।