বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের পঞ্চগড় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী। আগামী ২৩ জানুয়ারি শুক্রবার পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের শীর্ষ এই নেতার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতির কথা জানায় স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন জানান, ডা. শফিকুর রহমান শুক্রবার সকালে পঞ্চগড়-১ ও ২ আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তিনি দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামবেন এবং চিনিকল মাঠের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নির্বাচনী জোটের শরিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও দুই আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া প্রমুখ।