খুলনা

শৈলকুপায় বিএনপি-যুবদল বিরোধে হামলার প্রতিবাদে মানববন্ধন

 ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত চার কর্মীর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৯ জানুয়ারি সকালে আবু জাহিদ চৌধুরীর সমর্থকরা আবুল হোসেনের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জাহিদ, ফদিয়ার, আহমেদ ও সোহেল নামের চারজন গুরুতর আহত হন।

 

আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

শৈলকুপা থানার পুলিশ জানায়, হামলার ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

 



সম্পর্কিত খবর