ঢাকা

সখীপুরে কাদের সিদ্দিকীর দল ছেড়ে বিএনপি প্রার্থীকে সমর্থন সজীবের

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে কৃষক-শ্রমিক জনতা লীগ থেকে পদত্যাগ করেছেন সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব। সোমবার (৫ জানুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান।

 

এর আগে গত রবিবার রাতে উপজেলার সিলিমপুর এলাকায় এক অনুষ্ঠানে সানোয়ার হোসেন সজীব সশরীরে উপস্থিত হয়ে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের প্রতি সমর্থন জানান। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে বিষয়টি প্রকাশ করেন।

 

পদত্যাগপত্রে শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করলেও বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় নামার বিষয়ে সজীব বলেন, "কৃষক-শ্রমিক জনতা লীগ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাই এই নির্বাচনে আমি আহমেদ আযম খানের পক্ষেই অবস্থান নিয়েছি।" তবে বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন অস্বীকার করে তিনি জানান, আপাতত তিনি কোনো দলে যোগ না দিয়ে রাজনীতির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

 

এ বিষয়ে কৃষক-শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতারা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে কেন্দ্রীয় নেতা হাবিবুন্নবী সোহেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টিকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, "দল এগিয়ে যাবে জনতার সমর্থনে, কেউ আসা-যাওয়ায় দলের আদর্শ পরিবর্তন হয় না।"



সম্পর্কিত খবর