সারা দেশে গত এক সপ্তাহে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গোলাবারুদ, ৯৫টি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত, কিশোর গ্যাং ও চোরাকারবারি চক্রের সদস্যরা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ এই অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযানের ফলে দেশের সার্বিক জননিরাপত্তা এবং শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।