খুলনা

সিন্ডিকেট করে তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে: নড়াইলে মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান হয়েছে, বর্তমান সরকার সেদিকে গুরুত্ব দিচ্ছে না। ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসে ৭০ শতাংশ গণভোটের রায় ভুলে গেছে বিএনপি সরকার। বর্তমান প্রধানমন্ত্রী ভোটের মাঠে গণভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানালেও গণভোটের রায় বাস্তবায়ন করছেন না। একসঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হলো, অথচ গণভোট মানা হচ্ছে না। একটি ভোট অবৈধ হলে আরেকটি ভোট বৈধ হয় কীভাবে? গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে জনগণ লালকার্ড দেখাবে। তাই গণভোট দ্রুত বাস্তবায়ন করে বৈষম্য ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ (জয়পুর) ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।

তিনি আরও বলেন, দেশের জনগণ আর পুলিশ লীগের মতো পুলিশ দল দেখতে চায় না। পুলিশকে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চায় না। বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা আছে, তাতে দুই-পাঁচ বছরের মধ্যে তারেক রহমানও শেখ হাসিনা হয়ে যাবেন। জুলাই সনদ বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। ন্যায়বিচার পেতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচারব্যবস্থা চালু করতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।

মামুনুল হক আরও বলেন, সিন্ডিকেট করে তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ না থাকায় রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে বিপর্যয় দেখা দিয়েছে। এতে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের পোশাক খাত পিছিয়ে যাচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মহসিনুদ্দীনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আমন্ত্রিত অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুফতি আব্দুর রহমান, নড়াইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, উপদেষ্টা মুফতি শুয়াইব ইবরাহীম, যশোর জেলা শাখার সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শাফায়াত হোসাইন, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান মিনহাজ ও সাবেক জেলা সভাপতি মাওলানা জাকারিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের লোহাগড়া পৌর সভাপতি মুফতি দিদারুল ইসলাম এবং যুব মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি আব্দুল আজিজ।

 


সম্পর্কিত খবর