রংপুর

সীমান্তে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন, তেঁতুলিয়ায় বিজিবি প্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকা পরিদর্শন ও বিশেষ মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

 

তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে আয়োজিত সভায় বিজিবি প্রধান বলেন, “বিজিবি একটি পেশাদার ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী। ভোটাররা যাতে শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।” তিনি আরও জানান, দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

 

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উল্লেখ করেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার, ড্রোন এবং ডগ স্কোয়াড প্রস্তুত রাখা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ রোধে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে তিনি বলেন, “সংবিধান ও আইনের আলোকে আমরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।”

 

সভায় পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ সেনাবাহিনী, র‍্যাব ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিজিবি মহাপরিচালক হেলিকপ্টারে তেঁতুলিয়া পৌঁছান এবং স্থানীয় বেস ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

 



সম্পর্কিত খবর