নোয়াখালীর সুবর্ণচরে তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় ও দুস্থদের রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার মধ্যম বাগ্যার দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা এবং লিয়াকত খান জামে মসজিদ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন উপস্থিত থেকে স্থানীয় শীতার্ত ও ছিন্নমূল মানুষের হাতে এসব কম্বল তুলে দেন। শীতের তীব্রতা বাড়ায় উপকূলীয় এই অঞ্চলের দরিদ্র মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কম্বল বিতরণ শেষে সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, "তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।"
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।