নরসিংদীর শিবপুরে সড়কের পাশ থেকে বাক্সবন্দি একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে উপজেলার পচারবাড়ি এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পচারবাড়ি এলাকায় সড়কের পাশে ধানক্ষেত সংলগ্ন স্থানে একটি কার্টুন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তারা কার্টুনের ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ সময় মরদেহের পাশে একটি ব্যাগে কিছু কাপড়ও পাওয়া যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের কেউ নবজাতকের পরিচয় শনাক্ত করতে পারেননি।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে শিশু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচয় গোপন করার উদ্দেশ্যে রাতের আঁধারে কেউ মরদেহটি সড়কের পাশে ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।