হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছাছে ইরান। তবে কেবল চুক্তি হলেই এই প্রণালী চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে না। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের জন্য ৬টি শর্ত দিয়েছে ইরান। ৬ শর্তের ব্যাপারে ইরানের অনড় অবস্থানের কথা জানিয়ে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই ইরান এই দাবিগুলো থেকে পিছপা হবে না।
তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মুখপাত্র সারদার মোহেবি বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেয়ার সঙ্গে ওমানের চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই। এটি নির্ভর করছে নির্দিষ্ট প্রক্রিয়া ও ইরানের শর্তের ওপর। তেহরানের শর্তগুলো কী কী? ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ছয়টি দাবির তালিকা প্রকাশ করেছেন। ১) ইরান এবং এর ‘পবিত্র মূল্যবোধের’ বিরুদ্ধে হুমকির অবসান; ২) ইরান এবং এর আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে স্থায়ীভাবে সামরিক পদক্ষেপ বন্ধ করা; ৩) ইরানের বিরুদ্ধে অবরোধ প্রত্যাহার এবং এর সঙ্গে জড়িত মার্কিন নৌ ও বিমান বাহিনীকে সরিয়ে নেওয়া; ৪) সাম্প্রতিক সংঘাতে (যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা) ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়া; ৫) মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ৬) ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা। মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যুদ্ধ বা আলোচনা- যেকোনো পরিস্থিতিতেই এই দাবিগুলো থেকে পিছপা হবে না।