পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শনিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় বিজিবি ১৮ ব্যাটালিয়ন এ আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাবাসীকে নিয়ে জনসচেতনতামূলক সভা শারিয়ালজোত বিওপিতে অনুষ্ঠিত হয়। এরপর মাঝিপাড়া বিওপির সামনে বাংলাবান্ধা–তেঁতুলিয়া–পঞ্চগড় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মাঝিপাড়া ও শারিয়ালজোত বিওপির সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রম আরও গতিশীল করার জন্য এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন পঞ্চগড় বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। আপনারা এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলবেন।
পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অবৈধ সামগ্রী চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে। আলোচনা, মতবিনিময় ও তল্লাশির সময় কোম্পানি কমান্ডারসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।