‘মৃত্যুদণ্ড জীবনের অধিকার কেড়ে নেয়’—এই প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস উদ্যাপন করা হয়েছে।
ওয়েলফেয়ার এফোর্টস (উই) ও নারীপক্ষের যৌথ আয়োজনে শনিবার সকালে উইয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মানবাধিকারকর্মী এন এস শাহজালাল, উইয়ের পরিচালক শরিফা খাতুন, দবির হোসেন, সাংস্কৃতিক কর্মী নাজিম উদ্দিন জুলিয়াস, আসাদুজ্জামানসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। তবে এখনো ৫৬টি দেশে মৃত্যুদণ্ডের সাজা বহাল রয়েছে। এ ছাড়া ২৮টি দেশে মৃত্যুদণ্ডের আইন থাকলেও তা কার্যকর করা হয় না।
বক্তারা আরও বলেন, মৃত্যুদণ্ড মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জীবনের অধিকার নিশ্চিত করতে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।