‘ধুরন্ধর’ ছবির দুর্দান্ত সাফল্যের পর বলিউডের বর্ষীয়ান অভিনেতা অক্ষয় খান্নাকে নিয়ে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে দর্শক মহলে। তবে অক্ষয়ের এই সাফল্যের পথটা আরো আগেই সহজ হয়েছিল অভিনেতা রণদীপ হুদার একটি সিদ্ধান্তের কারণে।
সম্প্রতি রণদীপ নিজেই জানিয়েছেন, গত বছর মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘ছাওয়া’র খল চরিত্রে অভিনয় করার প্রথম প্রস্তাবটা তিনিই পেয়েছিলেন।
শিবাজী সাওয়ান্তের মারাঠি উপন্যাস অবলম্বনে তৈরি ২০২৫ সালের অন্যতম সফল ছবি ‘ছাওয়া’। মারাঠা রাজ্যের সম্ভাজির জীবন নিয়ে তৈরি এই ছবিতে সাম্ভাজির চরিত্রে অভিনয় করেন ভিকি কৌশল। আর তার মুখোমুখি প্রধান খলনায়ক তথা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করে দর্শকদের তুমুল প্রশংসা কুড়ান অক্ষয় খান্না।
প্রায় ৭০০ কোটি রুপির ব্যবসা করা এই ছবির পরেই মূলত নিজের পারিশ্রমিক বাড়াতে শুরু করেন অক্ষয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণদীপ হুদা জানান, ঔরঙ্গজেবের চরিত্রটি প্রথমে তাকেই করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ছবিটি করতে না পারলেও তা নিয়ে তার মনে কোনো আফসোস নেই। চরিত্রটি ছেড়ে দেওয়ার কারণ হিসেবে রণদীপ বলেন, ‘সেই সময় আমার নিজের ছবি ‘সাভরকর’ নিয়ে আমাকে আদালতের চক্কর কাটতে হচ্ছিল, দৌড়ঝাঁপ করতে হচ্ছিল।
তার ওপর ‘ছাওয়া’ ছবিটিতে হিন্দু-মুসলিম বৈরিতার বিষয়টি দেখানো হয়েছে। সব মিলিয়ে ওই পরিস্থিতিতে আমি নতুন করে আর কোনো আইনি বা রাজনৈতিক ঝামেলায় জড়াতে চাইনি।’ রণদীপের সেই ছেড়ে দেওয়া সুযোগটিই লুফে নেন অক্ষয় খান্না, যা তার ক্যারিয়ারে এক নতুন মোড় এনে দেয়।