নওগাঁর রাণীনগরে "ক্যাশলেস বাংলাদেশ"-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ দিন পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে আবারও ব্যাংকের সামনে এসে শেষ হয়। এর পর ফিতা কেটে ক্যাশলেস বাংলাদেশের উদ্বোধন করা হয়। পরে ব্যাংক প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি-এর আবাদপুকুর উপশাখার শাখা ব্যবস্থাপক আব্দুল আলিম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ শাহজাহান আলী। এ ছাড়া ব্যবসায়ী সাইফুল ইসলাম, আলহাজ মজিদুল ইসলাম, মোজাম্মেল হকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।