রাজশাহী

রাণীনগরে নৌকা থেকে বিলে পড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে নৌকায় বাড়ি ফেরার পথে বিলে পড়ে আব্দুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টায় নৌকা থেকে পড়ে বিলে নিখোঁজ হলে বেলা ১টার দিকে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন। বৃদ্ধ আব্দুল হোসেন উপজেলার দাউদপুর বেলোবাড়ী গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বৃদ্ধের পরিবারের বরাত দিয়ে জানান, রবিবার বেলা ১১টার দিকে আব্দুল হোসেন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে বেলোবাড়ী বিলে নৌকায় গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে বাড়ি ফেরার পথে তিনি মাথা ঘুরে নৌকা থেকে বিলে পড়ে যান। এ সময় তাঁর স্ত্রী ডাকচিল্কার করলে স্থানীয় লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিলের পানি থেকে আব্দুল হোসেনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 


সম্পর্কিত খবর