ঝিনাইদহের কোটচাঁদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় কটূক্তিকারী নূর আলম নামের ওই আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। রোববার সকালে কোটচাঁদপুরের ফুলবাড়িয়া বাজারে এলাকাবাসী ও ওয়ার্ড বিএনপির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বলুহর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, বিএনপি নেতা আব্দুস সাত্তার, মজিবার রহমান ও শরিফুল ইসলামসহ অন্যরা। মানববন্ধনে বলুহর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সে সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মী নূর আলম সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে নানা ধরনের কটূক্তি ও অশালীন মন্তব্য করেছেন। অভিযুক্ত নূর আলমের বিষয়ে উপজেলা বিএনপির নেতাদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। এ সময় কটূক্তিকারী নূর আলমের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।