ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে আহতের ঘটনায় নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াত। বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের আওয়ামী লীগ কর্মী সাজিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়।
রোববার দুপুরে শহরের হামদহ বাইপাস এলাকার জেলা জামায়াতের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্যে জামায়াতের শহর শাখার আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে ওই এলাকার ছাত্রদল সভাপতি মোবারক হোসেন। এ নিয়ে স্থানীয়রা তার মাদক কারবারে বাধা দেয়। এরই জেরে ২৭ নভেম্বর মোবারক হোসেন ইমনের নেতৃত্বে শেখপাড়া ফুটবল মাঠে হামলা চালায় ৩০-৩৫ জন বহিরাগত। এ সময় আত্মরক্ষার্থে স্থানীয়রা প্রতিরোধ গড়লে কয়েকজন আহত হন। এই ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য বিএনপি ও জামায়াতের ২৬ জনকে আওয়ামী লীগ কর্মী সাজিয়ে মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল হাই, যুবনেতা রাজু আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হামদহ শেখপাড়া ফুটবল মাঠে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা ইমামুল, হাদু, সাকিবসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আওয়ামী লীগের নেতাকর্মী ও মাদক কারবারিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয় জেলা ছাত্রদলের পক্ষ থেকে। এ ঘটনায় আহত ইমামুলের স্ত্রী বাদী হয়ে ২৮ নভেম্বর সদর থানায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।