রাজশাহী

আদমদীঘি-রাণীনগর সীমান্তে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার সীমান্ত এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে জঙ্গলবেষ্টিত ওই স্থানে মরদেহটি পাওয়া যায়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাণীনগর-সান্তাহার সড়কের পাশে একটি মাছের আড়তের পশ্চিমে ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলটি রাণীনগর থানার সন্নিকটে হওয়ায় প্রথমে ওই থানার একটি দল সেখানে যায়। তবে স্থানটি আদমদীঘি থানার সীমানায় পড়ায় পরে সংশ্লিষ্ট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, উদ্ধারকৃত মরদেহের মাথায় গামছা পেঁচানো ছিল। মরদেহটি বেশ কয়েক দিন আগের হওয়ায় অনেকটা পচে বিকৃত হয়ে গেছে। তিনি বলেন, "এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

 

পুলিশ ধারণা করছে, কয়েক দিন আগে কে বা কারা যুবকটিকে হত্যার পর জনমানবহীন এই জঙ্গলের ডোবায় ফেলে রেখে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।



সম্পর্কিত খবর