চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ১১

বান্দরবানের আলীকদমে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন।

 

শনিবার (৮ আগস্ট) দুপুরে আলীকদম-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় একটি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চকরিয়া থেকে যাত্রী নিয়ে একটি বাস আলীকদমের উদ্দেশে যাচ্ছিল। পথে তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা অন্তত ১১ জন যাত্রী আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চট্টগ্রামে নেওয়ার পথেই হোসাইনের মৃত্যু হয়।

 

নিহত হোসাইন (৩৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার কোচপাড়ার সাহাবুদ্দিনের ছেলে।

 

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন, "চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

 


সম্পর্কিত খবর