ইসলামী আন্দোলন বাংলাদেশই দেশের একমাত্র ইসলামী দল বলে দাবি করেছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে আয়োজিত এই সভায় চরমোনাই পীর বলেন, “দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীক কোনোটিই ইসলামী দল নয়। ইসলাম ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই রাজপথে সক্রিয় রয়েছে।” তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার ও হাবিবুর রহমান মিসবাহ। বক্তারা বাউফল আসনে হাতপাখা প্রতীকের জয় নিশ্চিত করতে ভোটারদের ঘরে ঘরে যাওয়ার নির্দেশনা দেন।
জনসভায় বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার ও সদস্য সচিব মাওলানা নুরুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই নির্বাচনী জনসভাটি সম্পন্ন হয়।