ধর্ম

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

আবহাওয়া অনুকূলে থাকলে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূলে থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হবে।

 

গত ২৪ ফেব্রুয়ারি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১ মার্চ মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত সভার কার্যবিবরণী তুলে ধরেন। সভায় ঈদের জামাত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

নারীদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ দিকে আলাদা প্রবেশপথসহ আসন রাখার ব্যবস্থা রাখার বিষয়টিও প্রচার করতে হবে। ঈদুল ফিতরের প্রধান জামাতের ইমাম মনোনয়নের জন্য তিনজন আলেম, পবিত্র কোরআন তিলাওয়াত পরিচালনার জন্য তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম মন্ত্রণালয়ের পাঠাতে হবে।

 

 

তালিকা থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন ক্কারি ও বিকল্প ক্কারি এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মনোনয়ন দেবে ধর্ম মন্ত্রণালয়।

ঈদের নামাজের আগে সকাল সাড়ে ৭টা থেকে হামদ ও নাত এবং ইসলামী গজল পরিবেশনের ব্যবস্থা করতে হবে।

 

ঈদগাহ ময়দান সমতলকরণ, ঘাসকাটা, প্যান্ডেল তৈরি (বৃষ্টির জন্য ত্রিপল স্থাপন) এবং ওযুর-পানি, পাত্র ও ট্যাপ, মোবাইল টয়লেট ও সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে। হাইকোর্ট মাজার মসজিদের ওজুর স্থানগুলো আগে থেকেই খোলা রাখতে হবে এবং হাইকোর্ট মাজারের কর্মচারীদের সেখানে নিয়োজিত রাখতে হবে।

 



সম্পর্কিত খবর