ঢাকা

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত ৩১০ শিক্ষার্থী পেলেন সংবর্ধনা

গাজীপুরে ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপ পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদানের লক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

গাজীপুর মহানগরীর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন, ইব্রাহিম মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর আলম, কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফরহাদ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আয়ূব সরকার মাস্টার, কোনাবাড়ী থানা বিএনপির সহসভাপতি মো. রেজাউল করিম মাস্টার, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলু। এ ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপ বৃত্তি পরীক্ষার হল সুপার মো. রমজান আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রহিজুল হক, মো. জহিরুল ইসলাম, মো. এমারতন হোসেন ও তৌহিদুজ্জামান।

 

পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহিন ইসলাম জানান, বৃত্তি পরীক্ষায় ১ হাজার ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩১০ জন। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১১০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০০ জন।

 

এ সময় অতিথিরা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

 


সম্পর্কিত খবর