বরিশাল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পটুয়াখালীর বাউফলে বিনামূল্যে অটো যাত্রী সেবা চালু করল ছাত্রদল

পটুয়াখালীর বাউফল পৌর শহরে অসহায়, গরিব ও কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচল সহজ করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাউফল পৌর ছাত্রদল। সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন রাস্তায় চলাচলের জন্য একটি অটো সম্পূর্ণ বিনামূল্যে যাত্রী পরিবহন সেবা চালু করা হয়েছে।

 

শুক্রবার সকালে বাউফল হাসপাতালের সামনে উদ্বোধনের মাধ্যমে সেবাটি শুরু করেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ। উদ্বোধন অনুষ্ঠানে পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজক আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আমরা এই ফ্রি যাত্রী সেবা চালু করেছি। বাউফলের অসহায়, দুস্থ মানুষ প্রতিদিন চলাচলে অনেক কষ্টে পড়ে। তাদের কষ্ট লাঘব করতেই আমাদের এই ছোট্ট চেষ্টা। সামনে আমরা আরও কয়েকটি অটো ফ্রি সেবায় যুক্ত করব এবং এটিকে নিয়মিত কার্যক্রম হিসেবে চালু রাখার চেষ্টা চালিয়ে যাব।”

 

তিনি আরও বলেন, “রাজনীতির উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া। আমাদের নেত্রী সবসময় মানবিক কাজকে উৎসাহ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ছাত্রদল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।”

 

স্থানীয় সাধারণ মানুষ এমন উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। বিশেষ করে হাসপাতালে যাতায়াতকারী রোগী, বৃদ্ধ, নারী শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ এ সেবায় উপকৃত হবেন বলে জানিয়েছেন।

 

ফ্রি যাত্রী সেবা চালু হওয়ার পর থেকেই অনেকেই অটোতে চড়ে নিজেদের গন্তব্যে পৌঁছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ মানবিক উদ্যোগের ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

উদ্যোগের সাথে থাকা পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, “যেখানে মানুষের কষ্ট, সেখানে ছাত্রদল থাকবে। আমরা চাই বাউফলের মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তি পাক।”

 


সম্পর্কিত খবর