জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে প্রাথমিক শিক্ষা পদক হিসেবে পুরস্কার পেয়েছেন আব্দুর রাফি আহমাদ। বুধবার ঢাকায় আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে এই গৌরবময় পুরস্কার ও সনদপত্র তুলে দেন রাফির হাতে। তাঁর এই অনন্য কৃতিত্ব অর্জনে নওগাঁর রাণীনগর উপজেলায় বইছে আনন্দের জোয়ার। আব্দুর রাফি আহমাদ নওগাঁর রাণীনগর উপজেলার ৩৮ নম্বর কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী। এর আগে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে কুইজ (সাধারণ জ্ঞান) প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করেছিল। এরপর ১৬ জুন জাতীয় মঞ্চেও নিজের মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্রথম স্থান অর্জন করে এই ক্ষুদে শিক্ষার্থী।
শিক্ষার্থী আব্দুর রাফি আহমাদের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম দপ্তরিপাড়া গ্রামে। সে ওই গ্রামের শিক্ষক দম্পতি আবু রায়হান ও মোছা. রেহেনা বিবির একমাত্র ছেলে। বাবা আবু রায়হান উপজেলার সিলমাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মা রেহেনা বিবি কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
তার এই গৌরবময় সাফল্য অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এছাড়া রাণীনগর উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিস, স্থানীয় সুধীজন ও শিক্ষকমণ্ডলী তাকে অভিনন্দন জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, “এই বিদ্যালয় থেকে দুজন প্রতিযোগী শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুল মতিন উপজেলা এবং জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। এরপর বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে সে। এছাড়া আব্দুর রাফি আহমাদ কুইজ প্রতিযোগিতায় (সাধারণ জ্ঞান) উপজেলা, জেলা এবং বিভাগের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। তার এই কৃতিত্বপূর্ণ অর্জন শুধু বাবা-মাকেই গর্বিত করেনি, সে আমাদের এবং এই বিদ্যালয় তথা পুরো উপজেলাবাসীকে গর্বিত করেছে।”
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক) বলেন, “শিক্ষার্থী রাফি আমাদের বিদ্যালয়ের ও এলাকার গর্ব। মেধাবী এই শিক্ষার্থীর পথচলা আগামীতে আরও দীর্ঘ ও সাফল্যমণ্ডিত হোক, এটাই প্রত্যাশা করছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “রাফির এই অর্জন রাণীনগর উপজেলার সকলের জন্য গর্বের ও আনন্দের। তার এই সাফল্যের নেপথ্যে অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। রাফি যখন প্রধানমন্ত্রীর হাত থেকে তার সুবিশাল সাফল্যের পুরস্কার গ্রহণ করে, তখন গর্বে বুক ভরে গিয়েছিল।” তিনি আরও বলেন, “আমার নির্বাচনী আসনে প্রতিটি বিদ্যালয়ে রাফির মতো কৃতি শিক্ষার্থী গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”