ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।
মরিয়মের নানি রূপালী বেগম জানান, কয়েক দিন আগে মায়ের সঙ্গে মরিয়ম নানাবাড়ি হরিহরা গ্রামে বেড়াতে এসেছিল। রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে ছোবল দেয়। ভোররাতে অসুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহেতেশাম শহিদ বলেন, ভোররাতের দিকে মরিয়মকে শেষ মুহূর্তে হাসপাতালে আনা হয়। তার শরীরে কালাচ সাপের দুটি কামড়ের দাগ তাঁরা লক্ষ্য করেন। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়, কিন্তু চিকিৎসার মাঝপথেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।