দেশের খবর

টানা ছুটিতে ঘরমুখো মানুষের ভিড়, মহাসড়কে ভোগান্তি

তিন দিনের ছুটিতে গাজীপুর ছেড়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছেন লাখো কর্মজীবী মানুষ। বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে ছুটির আনন্দে বাড়ি ফেরার পথে অতিরিক্ত বাসভাড়া, যানজট ও পরিবহন সংকটে ভোগান্তিও পোহাতে হচ্ছে যাত্রীদের। শিল্প পুলিশ জানায়, জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে দুদিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের অবকাশ পেয়েছেন শিল্প-কারখানার শ্রমিকরা। এ কারণে ভোর থেকে বিভিন্ন মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে।

 

 

সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ করা যায়। উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা ত্রিমোড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বেড়ে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতির যান চলাচলের সৃষ্টি হয়। এদিকে যাত্রীদের অতিরিক্ত চাপকে কেন্দ্র করে কয়েকটি পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও টিকিট সংকটের অজুহাতে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

চন্দ্রা বাস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রী জেরিন আক্তার বলেন, তিন দিনের ছুটি পেয়েছি।

 

 

তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছি। কিন্তু কাউন্টারে গিয়ে টিকিট পাইনি।’ আরেক যাত্রী ইকলাছুর রহমান বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষ বাড়ি ফিরলেই বাসভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এদিন ৫০০ টাকার ভাড়া ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।’ তবে অতিরিক্ত ভাড়ার অভিযোগ অস্বীকার না করলেও এর পেছনে যাত্রীর অতিরিক্ত চাপকে দায়ী করছেন পরিবহন সংশ্লিষ্টরা। চন্দ্রা এলাকার শাহ ফাতেহ আলী পরিবহনের কাউন্টার মালিক ইলিয়াস হোসেন বলেন, ‘পরিবহনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় সংকট তৈরি হয়েছে। অনেক গাড়ি কাউন্টারের নিয়ন্ত্রণের বাইরে থেকে যাত্রী পরিবহন করায় ভাড়া নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে।’

 

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানেও যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা গেছে। কাঙ্ক্ষিত পরিবহন না পেয়ে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। বিভিন্ন স্থানে যানজটের কারণে যাত্রাপথেও বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর হোসেন বলেন, ‘ভোর থেকে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়েও পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।’

 



সম্পর্কিত খবর