হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি দিয়ে যাওয়া ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে সংঘবদ্ধ ডাকাতির একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তসংলগ্ন সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কের সুরমা চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সদর দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে তেলিয়াপাড়া বিওপিতে ওয়ারলেস বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল দ্রুত পিকআপ যোগে ঘটনাস্থলে পৌঁছায়। একই সময়ে মাধবপুর থানাধীন হরষপুর–তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দলও ঘটনাস্থলে যোগ দেয়।
এলাকাবাসীর সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার কারণে সম্ভাব্য বড় ধরনের একটি ডাকাতি প্রতিহত করা সম্ভব হয়। পরে বিজিবি ও পুলিশ স্থানীয়দের সহায়তায় রাস্তার ওপর ফেলে রাখা গাছের কাটা অংশ দ্রুত সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে তোলে।
বিজিবি জানিয়েছে, সীমান্তসংলগ্ন প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে টহল কার্যক্রম আরও জোরদার করা হবে এবং তা অব্যাহত থাকবে।