বরিশাল

বাউফলে গরুতে ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: নারীসহ ৫ জন আহত

পটুয়াখালীর বাউফলে গরুতে ক্ষেতের ধান খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন— বারেক ঢালী'র ছেলে সায়েম ঢালী (১৮), নাতি সোহাগ গাজী (১৪), স্ত্রী রেহেনা বেগম (৫০), বারেক ঢালী (৬০) এবং অপর পক্ষের মো. সোহাগ (৩৫)।

 

জানা গেছে, ঘটনার দিন সকালে একই এলাকার জাকির হোসেনের গরু স্থানীয় বারেক ঢালী'র জমির ধান খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে বারেক ঢালী গরুটি ধরে নিজের বাড়িতে নিয়ে যান।

 

এ ঘটনাকে কেন্দ্র করে জাকির হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বারেক ঢালী'র বাড়িতে হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে বারেক ঢালী'র ছেলে সায়েম ঢালী, নাতি সোহাগ গাজী ও স্ত্রী রেহেনা বেগম গুরুতর আহত হন। এ সময় অপর পক্ষের মো. সোহাগও আহত হন।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সায়েম ঢালী ও সোহাগ গাজীর অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



সম্পর্কিত খবর