পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে পূর্ববিরোধের জেরে তিনটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (আজ) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, কাছিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শহীদ জালাল এলাকার আব্দুল লতিফ খান লিজ নেওয়া তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে তাঁর মাছ মেরে ফেলা হয়েছে। এই ঘটনার জন্য একই এলাকার ৫ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন: মো. মিরাজ হাওলাদার (৩০), মো. আব্বাস হাওলাদার (৩৭), মো. মিজানুর হাওলাদার (৩৯), মো. মাসুদ হাওলাদার (৪২) এবং মো. শামীম হাওলাদার (১৯)।
ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফ খান জানান, দীর্ঘদিনের পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষ তাঁকে ক্ষতিগ্রস্ত করার জন্য পুকুরগুলোতে বিষ প্রয়োগ করে। লতিফ খান এই লিজ নেওয়া পুকুরে মাছের খাবার ও লিজের কাজে তাঁর সমস্ত ধার-দেনা করা টাকা বিনিয়োগ করেছিলেন। সেই পুকুরের মাছ প্রতিপক্ষ বিষ দিয়ে মেরে ফেলায় তিনি পথে বসে গেছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"