বরগুনার বামনায় জাল-জালিয়াতি ও নানা ধরনের প্রতারণার অভিযোগে নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকার ভুক্তভোগী নানা শ্রেণী-পেশার মানুষ।
বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ত্রিমুখী বাজারে ওয়াপদা বেড়িবাঁধে সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করা শত শত নারী-পুরুষের মাঝে উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, নিজাম উদ্দিন হারুন একজন প্রতারক। সাংবাদিকতা নাম করে বিভিন্ন ফেসবুক পেজ ব্যবহার করে এলাকার ইটভাটা মালিকদের বিরুদ্ধে আড়াল থেকে জাল-জালিয়াতিপূর্ণ লেখালেখি করে মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
ভুক্তভোগী মেসার্স পিওর ব্রিকসের মালিক মফিদুল ইসলাম ফরিদ বলেন, "ইটভাটা পরিচালনার জন্য যে সকল নিয়ম-কানুন প্রয়োজন, সকল নিয়ম-কানুন মেনে ভাটা পরিচালনা করে আসছি। কিন্তু 'কেএম হারুন' নামে ফেসবুক পেজ, 'এনকে টিভি' ও 'দৈনিক অন্ধকারের আলো' নামে পত্রিকায় নিজাম উদ্দিন হারুন বিভিন্ন ধরনের কটূক্তিপূর্ণ লেখালেখি করে আসছে। এতে আমার মান-সম্মানে হানিকর ঘটনা ঘটছে।"
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন—সাবেক পুলিশ সদস্য মুজিবুল হক, ফজর আলী, হুমায়ুন কবির সিকদার, সায়িতুল ইসলাম ফেরকান, মুনিয়া আক্তার প্রমুখ।
এলাকাবাসী তাঁদের বক্তব্যে বলেন, "গ্রামবাসী কেউ প্রতিবাদ করলে একাধিক জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে হলুদ সাংবাদিক নিজাম। আমাদের এখানে ইটভাটা থাকার কারণে বিভিন্ন অঞ্চল হতে লোকজন আসে এবং কাজ করে জীবিকা নির্বাহ করে। ইটভাটায় যে জমি ব্যবহার করা হয়, তাতে আমরা ফসলি জমিতে যে পরিমাণ ফসল পাই, তার চেয়ে অধিক পরিমাণ টাকা ইটভাটা মালিক কর্তৃপক্ষ প্রতি বছর দিয়ে থাকে।"