বিদেশি সংস্থাগুলো বারবার তাগাদা দেওয়ার পরও বিগত সরকার শিশুদের হাম-রুবেলার টিকা দেয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিগত সরকারের ওই সিদ্ধান্তের খেসারত এখন বর্তমান সরকারকে দিতে হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশি সংস্থাগুলো বারবার শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিল। কিন্তু বিগত সরকার তা বাস্তবায়ন করেনি। এর ফলে এখন বিশেষ উদ্যোগ নিয়ে শিশুদের টিকার আওতায় আনতে হচ্ছে।
সরদার সাখাওয়াত জানান, আজ থেকে শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশে ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হাম-রুবেলার সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের ২০ তারিখ পর্যন্ত ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সারা দেশে হামের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। ওই কর্মসূচিতে এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল।
লক্ষ্যমাত্রার ১০২ থেকে ১০৪ শতাংশ পর্যন্ত অর্জিত হয়েছে। এরপর ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনে দুই কোটি ২৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ দেওয়া হয়। তখন দেখা যায়, আগের টিকাদান কর্মসূচিতে প্রায় ৪৩ লাখ শিশু বাদ পড়েছে। পরে মপ-আপ ক্যাম্পেইন চালিয়ে এরই মধ্যে আরো ১৯ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। ফলে বাকি রয়েছে ২৪ লাখ শিশু। এর সঙ্গে গত তিন মাসে ছয় মাস বয়স পূর্ণ করা আরো প্রায় ১০ লাখ শিশু যুক্ত হয়েছে। সব মিলিয়ে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ৩৪ লাখ শিশু।