দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা প্রায় আট হাজার মামলা বর্তমানে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে রয়েছে ৩ হাজার ৪৩৮টি এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রয়েছে আরো ৪ হাজার ৮১৬টি মামলা। ৩০ জুন পর্যন্ত দুদকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
দুদকের তথ্য অনুযায়ী, নিম্ন আদালতে বিচারাধীন ৩ হাজার ৪৩৮টি মামলার মধ্যে কমিশনের করা মামলা ৩ হাজার ১১১টি এবং বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর (বিডিবি) মামলা ৩২৭টি। এসব মামলার মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে এক হাজার ৪৩টি এবং ঢাকার বাইরের জেলা আদালতগুলোতে রয়েছে ২ হাজার ৩৯৫টি মামলা।
অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৭০৮টি। হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে ৪ হাজার ১০৮টি মামলা। এসবের মধ্যে রিট, ফৌজদারি বিবিধ মামলা, ফৌজদারি আপিল ও রিভিশন মামলা রয়েছে। উচ্চ আদালতে আসামিদের পক্ষ থেকে মূলত জামিন, মামলা বাতিল কিংবা সাজা স্থগিত বা বাতিলের আবেদন করা হয়েছে। অন্যদিকে দুদকও বিভিন্ন মামলায় জামিন বাতিল এবং নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখতে আবেদন করেছে। দুদকের বিচারাধীন মামলাগুলোর বড় অংশই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, আয়কর ফাঁকি, সম্পদের তথ্য গোপন, ঘুস গ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ, সরকারি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম এবং অর্থ পাচারের অভিযোগসংক্রান্ত। এসব মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজনীতিক, ব্যবসায়ী, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা।
এদিকে গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করার পর থেকে কমিশন নেতৃত্বশূন্য রয়েছে। এ সময়ের মধ্যে সংস্থাটি নতুন কোনো অনুসন্ধান শুরু করতে পারেনি। একই সঙ্গে নতুন কোনো মামলা দায়ের বা অভিযোগপত্র আদালতে দাখিলও করা হয়নি। আদালতেও এ সময় উল্লেখযোগ্যসংখ্যক মামলার নিষ্পত্তি হয়নি।