বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবির সদস্যরা।
বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট ব্যবহার করে চলছে কড়া নজরদারি। তীব্র আলোয় সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা।
আসন্ন ডিসেম্বরকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।
সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪৯ বিজিবির এই অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।