খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি এবং গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় রবি টাওয়ারের তার কেটে দিয়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে টাওয়ার দুটিতে এ তার কাটার ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটিরাঙা উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় টেলিটকের ৪৫ নম্বর টাওয়ারের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপরদিকে একই রাতে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি বুদংপাড়ায় ৩ নম্বর রবি-এয়ারটেল-টেলিটকের যৌথ টাওয়ারের তার কেটে ফেলে রেখে যায় তারা। তার কাটার পর থেকেই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে তীব্র দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিপুলসংখ্যক গ্রাহক।
টেলিটক টাওয়ার রক্ষণাবেক্ষণকারী ও টেকনিশিয়ান মো. সবুর হোসেন বলেন, “বুদংপাড়া রবি-টেলিটক-এয়ারটেলের যৌথ টাওয়ারের বেশ কিছু গুরুত্বপূর্ণ তার কেটে ফেলা হয়েছে। এতে টাওয়ার দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করা না হলে টাওয়ারগুলো বন্ধ হয়ে আশপাশের বিস্তীর্ণ এলাকার গ্রাহকেরা মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন।”
এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মোবাইল টাওয়ারগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
খাগড়াছড়িতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মো. ফারুক হোসেন আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। তবে মাটিরাঙা থানায় এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে তিনি এখনও অবগত নন; তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সরোওয়ার্দী জানান, “বুদংপাড়ায় টাওয়ারটি একাধিক মোবাইল অপারেটর ব্যবহার করে। মূলত টাওয়ারটির মালিক রবি নেটওয়ার্ক কোম্পানি। ঘটনাস্থলে গিয়ে তার কাটার প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অপারেটরগুলোর অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।”