নওগাঁর রাণীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়। প্রতি বছর এসএসসি পরীক্ষায় ভালো ফল এবং খেলাধুলার অঙ্গনে সুনাম অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধার ছাপ রেখে চললেও, নিয়মিত খেলাধুলার চর্চার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে নেই একটি মানসম্মত মাঠ। বছরের পর বছর উঁচু-নিচু ও এবড়ো-খেবড়ো মাঠের কারণে উন্নত খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছা: সুরাইয়া জান্নাত জানায়, তারা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে উপজেলা ও জেলা পর্যায় থেকে একের পর এক পুরস্কার স্কুলের ঝুলিতে জমা করছে। কিন্তু একটি ভালো মাঠের অভাবে তারা নিয়মিত চর্চা থেকে পিছিয়ে পড়ছে। নবম শ্রেণির শিক্ষার্থী মো: আপন বলেন, ভালো মাঠ না থাকার কারণে স্কুলে এসে পাঠগ্রহণের ফাঁকে নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার সুযোগ সীমিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সাইদ প্রাং জানান, তাঁর বিদ্যালয়ে মোট তিনশো জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্রী ১৭০ জন ও ছাত্র ১৩০ জন। খেলাধুলায় ভালো প্রতিষ্ঠানের মধ্যে এই স্কুলটি দ্বিতীয় অবস্থানে আছে। কিন্তু স্কুলের ভেতরের একমাত্র মাঠটি পাহাড়ের মতো উঁচু-নিচু হওয়ায় নিয়মিত শিক্ষার্থীদের খেলাধুলার চর্চা করানো সম্ভব হয় না। তিনি সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মাঠটি মাটি দিয়ে ভরাট করে সুন্দর একটি মাঠে রূপান্তর করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন। তিনি আরও জানান, নিজস্ব অর্থায়নে নির্মিত শহীদ মিনারের অবস্থাও নাজুক, তাই সেটিও আধুনিকতার ছোঁয়ায় বিনির্মাণ করে দিতে অনুরোধ জানান।
খেলাধুলার পাশাপাশি এই স্কুলের স্কাউট দল এবং জাতীয় দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় প্রদর্শনীর জন্য উপজেলা জুড়ে সুনাম রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান জানান, ইতিমধ্যেই স্কুলটির নিরাপত্তা প্রাচীর নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তর বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া স্কুলের মাঠটিকে আধুনিকায়ন করার ক্ষেত্রেও দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে।