যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৭৩৫ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তি হলেন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৯)।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহল দল দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৬টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৮৭ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।
বিজিবি জানায়, আবু বক্কর সিদ্দিক প্যান্টের পকেটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো বহন করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা করেছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।