চেক বাউন্স মামলায় বড় ধাক্কা খেলেন অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্ট একাধিক চেক বাউন্স মামলায় তার দোষ সাব্যস্ত হওয়ার রায় বহাল রেখে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
আদালত ট্রায়াল কোর্টের আগের রায় বহাল রাখলেও সাজা ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করেছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, আদালত একই সঙ্গে ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের অর্থ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
আদালতের রায় অনুযায়ী, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ১ কোটি ৫ লাখ টাকা করে দিতে হবে রাজপাল যাদবকে। পাশাপাশি প্রতিটি মামলায় অভিযোগকারীকে আরো এক কোটি ৪ লাখ টাকা এবং রাজ্যকে ২৫ হাজার টাকা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
শুধু রাজপাল যাদবই নন, এই মামলায় তার স্ত্রী রাধা যাদবকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ৫ কোটি ৫১ লাখ টাকা করে পরিশোধ করতে হবে তাকে।
তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের সুযোগ রয়েছে রাজপালের।