রাজশাহী

রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেপ্তার

নওগাঁর রাণীনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে সজীব চন্দ্র দেবনাথ (২২) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম বটতলী এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজীব করজগ্রাম হিন্দুপাড়া গ্রামের অসিত চন্দ্র দেবনাথের ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতেই তার বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

থানা-পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রতন কুমার ও এএসআই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সন্ধ্যায় করজগ্রাম বটতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি করে সজীবের কাছ থেকে ৬০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, এ ঘটনায় রাতেই সজীবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।



সম্পর্কিত খবর