রাজশাহী

রাণীনগরে গরু চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

নওগাঁর রাণীনগরে এক অসহায় পরিবারের তিনটি গরু চুরির ঘটনায় থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকেলে নাটোরের সিংড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গত ১০ জুলাই উপজেলার গোনা দিঘীরপাড় গ্রামের মকলেছ সরদারের ছেলে খোকন সরদারের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় ১২ জুলাই খোকন সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোরের সিংড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মইপুর গোপালপুর গ্রামের মোস্তাক আলীর ছেলে ফেরদৌস আলী (২৬) এবং নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আজমত দেওয়ানের ছেলে আসলাম দেওয়ান (৪৩)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।



সম্পর্কিত খবর