নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এক মৎস্যজীবীর বাড়িতে আগুন লেগে ইটের দোতলা বাড়ি ভস্মীভূত হয়েছে। এই অগ্নিকাণ্ডে ওই বাড়ির মালিকের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৎস্যজীবী রজব আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
রজব আলীর ভাতিজা আব্দুর রাজ্জাক জানান, দুপুর দেড়টার দিকে কাকা রজব আলীর ইটের দোতলা বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। এসময় গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরই মধ্যে পার্শ্ববর্তী আজাদ ও জহিরের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গ্রামবাসীদের সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাকা রজব আলীর দোতলা টিনের চালা, ছয়টি রুম এবং রুমের টিভি, ফ্রিজ, ধান, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আজাদ হোসেন বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রামবাসীরা একযোগে এগিয়ে না আসলে হয়তো আরও বড় ধরনের ক্ষতি হয়ে যেতো। তার পরেও পার্শ্ববর্তী আজাদ ও জহিরের বাড়ির বেশ কিছু অংশ পুড়ে গেছে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত রওনা দিই। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণ করেছে। ফলে মাঝ পথ থেকেই ফিরে এসেছি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, বা কী পরিমাণ ক্ষতি হয়েছে তা বলতে পারেননি তিনি।